ফুকুশিমা বিপর্যয়ের প্রায় দেড় দশক পর বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘কাশিওয়াজাকি-কারিওয়া’ পুনরায় সচল করছে জাপান। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রটির পরিচালনাকারী সংস্থা টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (TEPCO) একটি রিঅ্যাক্টর চালু করার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। নিগাতা প্রদেশে অবস্থিত এই সুবিশাল কেন্দ্রে মোট সাতটি রিঅ্যাক্টর থাকলেও প্রাথমিকভাবে একটির মাধ্যমে উৎপাদন শুরু হচ্ছে।
জাপান সরকার ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতের প্রসারের ফলে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২০১১ সালের ফুকুশিমা দুর্ঘটনার স্মৃতি ও নিরাপত্তা ঝুঁকির কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। নিগাতা প্রদেশের প্রায় ৬০ শতাংশ মানুষ এই কেন্দ্র চালুর বিপক্ষে অবস্থান নিয়েছেন। বিক্ষোভকারীদের দাবি, ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত এই কেন্দ্রটি যেকোনো সময় বড় বিপর্যয় ডেকে আনতে পারে।



