― Advertisement ―

ট্রাম্প-ম্যাক্রোঁ গোপন বার্তা ফাঁস: ইরান-সিরিয়ায় একমত হলেও গ্রিনল্যান্ডে অমিল

গ্রিনল্যান্ড দখলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ম্যাক্রোঁর পাঠানো একটি ব্যক্তিগত বার্তার স্ক্রিনশট ফাঁসের পর এই কূটনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বার্তায় ম্যাক্রোঁ সিরিয়া ও ইরান ইস্যুতে মার্কিন অবস্থানের প্রতি সমর্থন জানালেও গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের কর্মকাণ্ডকে ‘অবোধ্য’ বলে অভিহিত করেছেন।

ম্যাক্রোঁ তার বার্তায় ট্রাম্পকে উদ্দেশ্য করে লেখেন, “বন্ধু, সিরিয়া নিয়ে আমরা একমত এবং ইরান ইস্যুতেও আমরা বড় কিছু করতে পারি। কিন্তু গ্রিনল্যান্ড নিয়ে আপনি কী করছেন, তা আমার মাথায় ঢুকছে না।” এই বার্তার মাধ্যমে ইউরোপীয় দেশগুলোর উদ্বেগের প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, ট্রাম্প বেশ কিছুদিন ধরেই গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের কৌশলগত নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ দাবি করে তা নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছেন।

বার্তায় ম্যাক্রোঁ দাভোস সম্মেলনের পর প্যারিসে একটি জি-৭ বৈঠকের প্রস্তাব দেন, যেখানে ডেনমার্ক, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের আমন্ত্রণের সুযোগ রয়েছে। এমনকি ট্রাম্পকে যুক্তরাষ্ট্রে ফেরার আগে প্যারিসে নৈশভোজের আমন্ত্রণও জানান তিনি। হোয়াইট হাউজ বা এলিসি প্যালেস আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও এএফপি বার্তাটির সত্যতা নিশ্চিত করেছে। ট্রাম্প কোনো ব্যাখ্যা ছাড়াই নোটটি শেয়ার করায় আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।