― Advertisement ―

ঢাকায় ৩০ দেশের প্রতিনিধি নিয়ে জামায়াতের পলিসি সামিট

ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পলিসি সামিট ২০২৬ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর এক হোটেলে এই সামিট শুরু হয়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারত-পাকিস্তানসহ প্রায় ৩০ দেশের প্রতিনিধি অংশ নিয়েছে।

জামায়াতের বিদেশ বিভাগের এক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, সকাল থেকেই বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা সামিটে অংশ নিয়েছেন। যেখানে ইউরোপীয় ইউনিয়ন, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানী, ফ্রান্স, কোরিয়া, ভারতের, পাকিস্তান, ইরান, মালয়েশিয়া, তুরুস্ক, মালদ্বীপ, ব্রুনাই, শ্রীলঙ্কাসহ প্রায় ৩০টি দেশের প্রতিনিধিরা সামিটে এসে পৌঁছেছেন।

সামিটের শুরুতে কি-নোট উপস্থাপন করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ সময় নির্বাচনকে সামনে রেখে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা প্রকাশ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস একটি দীর্ঘ ও অসমাপ্ত সংগ্রামের ইতিহাস।

জামায়াত আমির বলেন, “ফ্যাসিবাদী শাসনের একটি অন্ধকার অধ্যায় পার করে আমরা এখন গণতান্ত্রিক রূপান্তরের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এই পথে এখনও বড় বড় চ্যালেঞ্জ রয়ে গেছে।”