আন্তর্জাতিক ডেস্ক
গত মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরের পর শুরু হয় মার্কিন মন্ত্রীসভার বৈঠক। সেখোনে কখনো চোখ পিটপিট করে, কখনোবা ঘুমে ঢলে পড়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাটিয়ে দেন পুরো সময়।
অথচ তার আগে মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই নিজের ফিটনেস সম্পর্কে অন্তত ১৫ মিনিট ধরে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা।’
ট্রাম্প তার বক্তব্যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে স্মরণ করে ‘স্লিপি জো’ ডেকে কিছুক্ষণ রসিকতাও করেন, কিন্তু বৈঠকে পরবর্তী দেড় ঘণ্টা আধো ঘুম, আধো জাগরণে কাটান নিজেই।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে গত সপ্তাহে একটি তথ্য উপাত্তমূলক প্রতিবেদন প্রকাশ করে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনটিতে তুলে ধরা হয়, কিভাবে বয়সের সঙ্গে ট্রাম্পের কাজের গতি ও পরিধি কমে যাচ্ছে।
ওই সময় ক্ষোভ জানানোর পাশাপাশি প্রকাশিত প্রতিবেদনটির তীব্র বিরোধিতা করেন প্রেসিডেন্ট। তবে এবার মন্ত্রিসভার বৈঠকে বারবার ঘুমিয়ে পড়ে প্রতিবেদনের বক্তব্য উস্কে দিয়েছেন তিনি নিজেই।
এ সম্পর্কে জানতে চাইলে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিষয়টি এড়িয়ে যান।
সূত্র: সিএনএন



