― Advertisement ―

আত্মসমর্পণের পরেও হত্যার অভিযোগে রুশ সেনাকে যাবজ্জীবন দন্ড দিলো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের একজন যুদ্ধবন্দিকে অত্মসমর্পণের পরেও হত্যা করার অভিযোগে এক রুশ সেনাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে দেশটি। গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) নিরাপত্তা কর্মকর্তাদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ইউক্রেনে কোনো রুশ সেনার যাবজ্জীবনের দন্ডাদেশ এটাই প্রথম।

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো কোনো রুশ সেনাকে শাস্তির রায় শোনালো ইউক্রেনের আদালত। ২০২৪ সালের জানুয়ারিতে ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করার পরেও তাকে গুলি করে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের জন্য দিমিত্রি কুরাশভ নামের ২৭ বছর বয়সী ওই রুশ সেনার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইউক্রেনের আদালত।

আল-জাজিরা সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, প্রিইউতনে গ্রামে এক অভিযানের সময় আত্মসমর্পণ করা এক ইউক্রেনীয় সেনাকে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেন অভিযুক্ত রুশ সেনা।

আদালতের রায়ে বলা হয়েছে, ২০২৪ সালের ৬ জানুয়ারি গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার পর ইউক্রেনীয় ওই সৈন্য আত্মসমর্পণ করেছিলেন। সে সময় তিনি অস্ত্রহীনভাবে বেরিয়ে এসে হাত উঁচিয়ে আত্মসমর্পণের সংকেত দেন। কুরাশভের অনুরোধে তিনি হাঁটু গেড়ে বসেও ছিলেন। কিন্তু এরপরই রুশ সেনা কুরাশভ স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালান। এতে ঘটনাস্থলেই ওই ইউক্রেনীয় সেনা নিহত হন।

ইউক্রেনের এসবিইউ সিকিউরিটি সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের ইতিহাসে এটিই প্রথম রায় যেখানে একজন দখলদারকে, বিশেষ করে একজন প্রতিরক্ষা বাহিনীর সেনার মৃত্যুর জন্য এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে।

সূত্র : আল-জাজিরা