― Advertisement ―

পুতিনের ওপর ক্ষেপেছেন ট্রাম্প, রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
‘যতবার আমি ভ্লাদিমিরের সঙ্গে কথা বলি, ভালো আলোচনা হয়, কিন্তু তা কোথাও পৌঁছায় না। একদমই কোথাও না।’ নেটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে বৈঠকের পর এমন মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল বুধবার (২২ অক্টোবর) ওভাল অফিসে রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, পুতিন শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আন্তরিক নন। তিনি আশা প্রকাশ করেন, নতুন নিষেধাজ্ঞা এই প্রক্রিয়ায় কোনো অগ্রগতি আনতে সাহায্য করবে।

ট্রাম্প বলেন ‘আমার কেবল মনে হয়েছে, সময় এসেছে। আমরা অনেকদিন অপেক্ষা করেছি।’ নিষেধাজ্ঞার প্যাকেজটি ‘অসাধারণ’। রাশিয়া যদি যুদ্ধ বন্ধে রাজি হয়, তবে এই নিষেধাজ্ঞাগুলো দ্রুত প্রত্যাহার করা যেতে পারে।

এই পদক্ষেপটি এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শান্তি প্রস্তাবের মধ্যে মৌলিক পার্থক্যগুলো এ সপ্তাহে আরও স্পষ্ট হয়ে উঠেছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আলোচনায় প্রধান সমস্যা হচ্ছে বর্তমান ফ্রন্টলাইনে লড়াই বন্ধ করতে মস্কোর অস্বীকৃতি।

এ বিষয়ে লন্ডনে রাশিয়ার দূতাবাস থেকে জানানো হয়, তাদের দেশের প্রধান জ্বালানি কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হবে এবং বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়ে যাবে।

দূতাবাস আরও জানায়, ‘এসব নিষেধাজ্ঞা ‘উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশের জ্বালানি নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং এই ধরনের চাপ সৃষ্টি শান্তিপূর্ণ আলোচনাকে আরও জটিল করে তোলে ও উত্তেজনা বাড়ায়।’

প্রসঙ্গত, এর আগে গতকাল বুধবার ইউক্রেনে রাশিয়ার বোমাবর্ষণে শিশুসহ অন্তত সাতজন নিহত হন।