আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধবিদ্ধস্ত ফিলিস্তিনকে এবার রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার আজ রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে।
এর আগে, জুলাই মাসে প্রধানমন্ত্রী স্টারমার বলেছিলেন, ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজী না হলে এবং দ্বি– রাষ্ট্রীয়(টু-স্টেট) সমাধানের লক্ষ্যে দীর্ঘমেয়াদী টেকসই শান্তি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ না হলে সেপ্টেম্বরে যুক্তরাজ্য তাদের অবস্থান পরিবর্তন করবে।
যুক্তরাজ্যের নেওয়া এই পদক্ষেপকে ইসরায়েলি সরকার, হামাসের হাতে জিম্মিদের পরিবার এবং কিছু রক্ষণশীলরা সমালোচনা করেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে বলেছিলেন, এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে তা ‘সন্ত্রাসকে পুরস্কৃত’ করবে।
তবে, যুক্তরাজ্যের মিনিস্টাররা যুক্তি দেন এই বলে যে, দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির আশা বাঁচিয়ে রাখার জন্য এই কাজ করার একটা নৈতিক দায়িত্ব ছিল।
গাজার দুর্ভিক্ষ ও সহিংসতার চিত্র দেখে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার আগেই এটিকে ‘অসহনীয়’ বলে উল্লেখ করেছিলেন।
গাজা শহরে ইসরায়েলের সর্বশেষ স্থল অভিযানে লাখ লাখ মানুষকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। এই অভিযানকে জাতিসংঘের একজন কর্মকর্তা ‘বিপর্যয়কর’ বলে বর্ণনা করেছেন।



