নিজস্ব প্রতিবেদক :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগেভাগেই নিরাপত্তার প্রস্তুতি হিসেবে বিভিন্ন কৌশল গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ। এর ধারাবাহিকতায় নির্বাচন শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত রাখতে টেবিল ফরমেটে দেশব্যাপী সম্ভাব্য প্রার্থীদের (সংসদ সদস্য) তথ্য সংগ্রহ শুরু করেছে পুলিশ সদরদপ্তর। শুধু প্রার্থীদের নয়, তাদের ঘনিষ্ঠ সহযোগী ও দলীয় কর্মীদেরও তথ্যও সংগ্রহ করা হবে।
এতে পুলিশ প্রতিটি আসনে নিরাপত্তার চাহিদা মূল্যায়ন এবং নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ প্রার্থীদের চিহ্নিত করতে পারবে। নির্বাচনে সহিংসতা বা অনিয়ম হওয়ার আগেই তা প্রতিরোধ করার লক্ষ্যে এই উদ্যোগ পুলিশ নিয়েছে বলে জানা গেছে।
কি কি তথ্য সংগ্রহ করবে পুলিশ :
সম্ভাব্য প্রত্যেক প্রার্থীর ১১টি প্রধান বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে প্রতিবেদন জমা দিতে হবে একটি টেবিল ফরমেটে।
প্রতিটি সম্ভাব্য প্রার্থীর দলীয় পরিচয়, রাজনৈতিক অবস্থান, অপরাধ ও পুলিশ রেকর্ড, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য পরিচিতি সম্পর্কে।
এছাড়াও প্রার্থীদের পিতা-মাতার নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর যাচাই করে সেগুলোও অন্তর্ভুক্ত করতে হবে ফরমেটে।
শুধু প্রার্থীদের নয়, তাদের ঘনিষ্ঠ সহযোগী ও দলীয় কর্মীদেরও তথ্যও সংগ্রহ করা হবে। প্রতিটি থানার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) মাধ্যমে সংকলিত এসব তথ্য পুলিশ সদর দপ্তরে পাঠানো হচ্ছে।
কেন এই উগ্যোগ নিল পুলিশ:
মূলত নির্বাচন নিরাপদ করতেই পুলিশ এসব কৌশল নির্ধারণ করেছে। সংগ্রহিত এসব তথ্যের ভিত্তিতেই আসনভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা করা হবে। কোন এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন প্রয়োজন, কোথায় মোবাইল টহল বাড়ানো দরকার, কোথায় পুলিশ বা র্যাবের উপস্থিতি বৃদ্ধি করা দরকার।
এমনকি, প্রার্থীদের জন্য বাড়তি নিরাপত্তা প্রয়োজন হলে সে বিষয়ে ব্যবস্থা নিতেও এই তথ্য সহায়তা করবে। গত সপ্তাহ থেকে এই তথ্য সংগ্রহ শুরু হয়েছে এবং সব থানাকে চিঠি দিয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে।
এই কার্যক্রম নির্বাচনের দিন পর্যন্ত চলবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে পুলিশ সদর দপ্তরের কোনো কর্মকর্তা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। তাদের ভাষ্য, বিষয়টি ‘অত্যন্ত গোপনীয় ও স্পর্শকাতর’।
গতকাল শনিবার পুরান ঢাকার মিল ব্যারাকে ঢাকা জেলা পুলিশ লাইনস এবং ট্রাফিক ও ড্রাইভিং স্কুল পরিদর্শনের পর পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম গণমাধ্যম কে জানান, পুলিশ সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করছে। যারা এলাকাভিত্তিক আধিপত্য বিস্তার করছে, বিশেষ করে ঢাকায়।
তিনি বলেন, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে রাজনৈতিক দলগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করছেন পুলিশের এই মহাপরিদর্শক।
টিবিএম/জ/রা



