নিজস্ব প্রতিবেদক:
বরিশালে রেজাউল করিম নামে এক ভুয়া চিকিৎসক কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদরাসা থেকে দাখিল পাস করলেও নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিতেন এবং দীর্ঘদিন ধরে উজিরপুরের গ্রামীণ জনগণের সঙ্গে প্রতারণা করে আসছিলেন এই ভুয়া চিকিৎসক।
আজ মঙ্গলবার দুপুরে উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা গ্রামে ‘মায়ের দোয়া ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে’ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ কারাদন্ড দেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।
ভূক্তভোগীরা অভিযোগ করে বলেন, রোগ নির্ণয়, চিকিৎসা, এমনকি জটিল অস্ত্রোপচার পর্যন্ত করে আসছিলেন রেজাউল করিম। একাধিক নারী রোগী ও ক্লিনিকের নারী কর্মীদের যৌন হয়রানি, সাংবাদিকদের হুমকি ও লাঞ্ছনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযানের সময় রেজাউল করিমের কাছে একটি ভারতীয় প্রতিষ্ঠানের তথাকথিত সনদ— ‘চার্টার অব অল ইন্ডিয়া কাউন্সিল অব ইন্ডো অ্যালোপ্যাথি অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিন’ পাওয়া গেছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান বলেন, রেজাউল করিম যে সনদ দেখিয়েছেন তা যাচাই করে দেখা গেছে, সেটির কোনো বৈধতা নেই। যেহেতু তার এমবিবিএস ডিগ্রি নেই, তাই তিনি ভুয়া ডাক্তার। আইন অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত রেজাউল করিমকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম।



