বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ছয় লেনে উন্নীত করা এবং চীন সরকারের অর্থায়নে বরিশাল বিভাগে একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবিতে জনমত গঠনের কাজে নেমেছে বরিশালের বিভিন্ন পেশাজীবীরা ।
এরই অংশ হিসেবে আজ শনিবার দুপুরে বরিশাল নগরের সদর রোড এলাকায় লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছেন তাঁরা।
‘দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী, পেশাজীবী, রাজনৈতিক ও সর্বস্তরের মানুষ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের দ্বারে দ্বারে দাবি পৌঁছে দেওয়া হচ্ছে।
লিফলেটে বলা হয়েছে, বর্তমানে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত যে দুই লেনের সরু মহাসড়ক রয়েছে, তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিদিন এই সড়কে কয়েক হাজার বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও ব্যক্তিগত যানবাহন চলাচল করে।
সরু রাস্তায় বিপজ্জনক ও দুর্ঘটনাপূর্ণ এই চলাচলে প্রায়শই প্রাণহানির ঘটনা ঘটছেএছাড়াও যানজট ও ধীরগতির কারণে ভাঙ্গা থেকে বরিশাল পৌঁছাতে সময় লাগে ৪ ঘণ্টার বেশি। ফলে পদ্মা সেতুর সুফল থেকেও বঞ্চিত হচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষ।
বরিশালে ‘বিশেষায়িত হাসপাতাল’ স্থাপনের দাবি
লিফলেটে আরও বলা হয়, চীন সরকার বাংলাদেশে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে।
সেই প্রস্তাব অনুযায়ী বরিশাল বিভাগে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবি তোলা হয়েছে। জনসংখ্যা ও স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার বিচারে বরিশালে এ ধরনের হাসপাতাল সময়ের দাবি হয়ে উঠেছে।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবায়দুল হক চাঁন, বিএনপি নেতা মাহবুবুর রহমান , সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান প্রমুখ।
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবায়দুল হক চাঁন এসময় বলেন, ‘পদ্মা সেতুর পর দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যে উন্নয়নের আশ্বাস ছিল, তা পূর্ণতা পায়নি। এতে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন এবং যোগাযোগ ব্যবস্থা থমকে আছে।
ছয় লেনের মহাসড়ক ও আধুনিক হাসপাতাল দক্ষিণাঞ্চলের মানুষের ন্যায্য অধিকার। আমরা মানুষকে এই দাবির পক্ষে উজ্জীবিত করতে লিফলেট বিতরণ শুরু করেছি। এই জনদাবিকে আরো শক্তিশালী করতে ভবিষ্যতে আরো কর্মসূচি নেওয়ার ঘোষণা দেওয়া হবে।
বিএম/জ/রা



