― Advertisement ―

মাইক্রোসফটের অনুষ্ঠানে গাজা গণহত্যার প্রতিবাদ, দুই কর্মী বরখাস্ত

ডেস্ক রিপোর্টঃ গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের প্রতিবাদ করায় প্রতিষ্ঠানটির দুই কর্মীকে বরখাস্ত করা হয়েছে। ওয়াশিংটনে মাইক্রোসফটের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে বিল গেটসের সামনেই এই প্রতিবাদ ঘটেছিল।

প্রতিষ্ঠানটির এআই বিভাগের সিইও মুস্তাফা সুলেমানের বক্তব্যের সময় মঞ্চের দিকে এগিয়ে যান সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইবতিহাল আবুসাদ। তিনি সরাসরি মাইক্রোসফটের বিরুদ্ধে গাজায় ইসরায়েলি আগ্রাসনে সহায়তার অভিযোগ তুলে বলেন, “ইসরায়েলের অস্ত্র উন্নত করতে এবং সাধারণ মানুষ হত্যার কাজে এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।” এ সময় তিনি ফিলিস্তিনের প্রতীক কিফায়া মঞ্চের দিকে ছুড়ে মারেন এবং চিৎকার করে গণহত্যা বন্ধের দাবি জানান।

পরে অনুষ্ঠানে বিল গেটস, স্টিভ বালমার ও সত্য নাদেলা যখন মঞ্চে উপস্থিত ছিলেন, তখন আরেক কর্মী বানিয়া আগারওয়াল তাদের ‘ভণ্ড’ আখ্যা দিয়ে ধিক্কার জানান। তিনি পরবর্তীতে চাকরি ছেড়ে দেন।

মাইক্রোসফট শুরুতে বাক্‌স্বাধীনতার প্রতি তাদের সমর্থনের কথা জানালেও, কর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন নিশ্চিত করেছে, দুই প্রতিবাদী কর্মীই বরখাস্ত হয়েছেন। একজনকে অনুষ্ঠানে বিঘ্ন ঘটানোর অভিযোগে সরিয়ে দেওয়া হয় এবং অন্যজনকে পদত্যাগের আগেই বিদায় জানাতে বলা হয়।

চলতি বছরের শুরুর দিকে এপির এক অনুসন্ধানে উঠে আসে, গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় লক্ষ্য নির্ধারণে মাইক্রোসফটের এআই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এ তথ্য সামনে আসার পর থেকেই প্রযুক্তি জায়ান্টটির ভূমিকা নিয়ে বিতর্ক চলছে।

বিএম/সজীব