― Advertisement ―

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৫ নিহত, তিন দিনে মৃত ৬০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দখলদার বাহিনীর হামলায় আরও ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩৩ জনের বেশি।

শুক্রবার (২১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এবং তুরস্কের আনাদোলু এজেন্সির (এএ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের লাগাতার বিমান হামলা এবং স্থল অভিযানের ফলে গত তিন দিনে ৬০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। চিকিৎসা কর্তৃপক্ষের বরাত দিয়ে আলজাজিরা জানায়, মঙ্গলবার যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েলি হামলায় প্রাণহানি ৫৯০ ছাড়িয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত মোট ৪৯ হাজার ৬১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিএম/সজীব