ডেস্ক রিপোর্ট : বরিশালে গৃহবধূ তিন্নি আক্তার (২১) হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে উত্তর কাউনিয়া ব্রাঞ্চ রোডের এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
বক্তারা তিন্নির স্বামী রাকিব তালুকদারসহ (২২) শ্বশুরবাড়ির লোকজনের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, বাসদের বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্তী, নিহত তিন্নির মা মরজিনা বেগম, ভাই নাইম হোসেনসহ স্থানীয়রা। নাইম হোসেন জানান, গত ২০ ফেব্রুয়ারি ঝালকাঠির কীর্ত্তিপাশায় শ্বশুরবাড়িতে তিন্নিকে হত্যা করা হয়।
এ ঘটনায় তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন জড়িত। এর আগে যৌতুকের দাবিতে তিন্নিকে নির্যাতন করা হয়েছিল এবং পরে সালিসের মাধ্যমে তাকে পুনরায় শ্বশুরবাড়ি পাঠানো হয়, যেখানে তাকে হত্যা করা হয়।
মামলার পরও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিএম/জ/রা
ডা. মনিষা চক্রবর্তী বলেন, “পুলিশ হত্যার আলামত দেখার পরও হত্যাকারীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এর ফলে সাধারণ মানুষ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা হারাচ্ছে। নারীর প্রতি সহিংসতা রোধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।”



