― Advertisement ―

উত্তর সাগরে তেলের ট্যাঙ্কার ও রাসায়নিকবাহী জাহাজের সংঘর্ষে অগ্নিকাণ্ড

ডেস্ক রিপোর্টঃ ইংল্যান্ডের উত্তর-পূর্ব উপকূলবর্তী উত্তর সাগরে ভয়াবহ জাহাজ দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) মার্কিন সামরিক বাহিনীর জন্য জ্বালানি বহনকারী একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে রাসায়নিকবাহী কন্টেইনার জাহাজের সংঘর্ষের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একাধিক বিস্ফোরণ হয় এবং সমুদ্রে দূষণের শঙ্কা দেখা দিয়েছে।

ব্রিটিশ কোস্টগার্ড জানিয়েছে, সংঘর্ষের পর ৩৬ জনকে উদ্ধার করা হলেও একজন ক্রু সদস্য এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।

সংঘর্ষে জড়িত তেলের ট্যাঙ্কারটির নাম স্টেনা ইমাকুলেট, এটি যুক্তরাষ্ট্রের পতাকাবাহী এবং মার্কিন প্রতিরক্ষা বিভাগের জন্য জ্বালানি বহন করছিল। অপরদিকে, রাসায়নিকবাহী কন্টেইনার জাহাজ সোলং পর্তুগালের পতাকাবাহী এবং এটি স্কটল্যান্ড থেকে নেদারল্যান্ডসের রটারড্যামে যাচ্ছিল।

দুর্ঘটনার পর স্টেনা ইমাকুলেটের ক্রুরা দ্রুত নিরাপদে সরে যান। তবে সোলং জাহাজের এক ক্রু নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজে হেলিকপ্টার, নৌকা এবং অগ্নিনির্বাপণ জাহাজ মোতায়েন করা হয়েছে।

কীভাবে সংঘর্ষের ফলে অগ্নিকাণ্ড ঘটল এবং সমুদ্রের পরিবেশগত ক্ষতি কতটা হতে পারে, তা মূল্যায়ন করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, এই দুর্ঘটনা তাদের সামরিক কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না। সূত্র: বিবিসি, রয়টার্স, আল-জাজিরা

বিএম/সজীব