নিজস্ব প্রতিবেদক :
ঝালকাঠির রাজাপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপি এ মেলার আয়োজন করে রাজাপুর উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা ও প্রদর্শনী। এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চার পর্বের প্রতিযোগীতায় রাজাপুর সরকারি কলেজ তিনটিতেই সাফল্য দেখিয়েছে।
আয়োজকরা জানায়, বিজ্ঞানমেলায় নবীন শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে আকর্ষণ বাড়াতে বিভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়৷ পাশাপাশি কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজ পর্যায়ে তিনটি বিষয়ে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

উপজেলার চারটি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন। উদ্ভাবনী প্রদর্শনী প্রতিযোগিতায় রাজাপুর সরকারি কলেজ শিক্ষার্থীদের প্রকল্প প্রথমস্থান অধিকার করে।
রাজাপুর সরকারি কলেজের বিজয়ী শিক্ষার্থী মো. হাফিজুর রহমান বলেন, ‘এই বিজ্ঞানমেলা আমাদেরকে উৎসাহিত করেছে। এই উৎসাহ কাজে লাগিয়ে আমরা আরো ভালো কিছু উদ্ভাবন করব। আমরা ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের, যারা সার্বক্ষণিক আমাদের একজন বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী হওয়ার জন্য পরিচর্যা করেন।’
প্রদর্শনী শেষে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।



