নিজস্ব প্রতিবেদক: বরিশালে রাজিব ওরফে পণ্ডিত রাজিব নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হাত এবং পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন আহতর বোন শাহীনা আজমিন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে নগরের গোরস্থান রোড কাছেমাবাদ খানকার সামনে এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
আহত শাহরিয়ার সাচিব রাজিব নগরীর গোরস্থান রোডের কাছেমাবাদ খানকা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি নগরীর ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। কারান্তরীণ সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম অনুসারী হিসেবে তিনি পরিচিত ছিলেন।
আহত রাজীবের বোন শাহীনা আজমিন বলেন, তার ভাইয়ের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে বাসায় ফেরার পথে ওই ব্যক্তিসহ অজ্ঞাত আরেকজন তার ভাইকে কুপিয়ে ফেলে রেখে যায়। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
এ ঘটনার সিসিটিভি ক্যামেরার একটি ভিডিও পুলিশের হাতে এসেছে। সেই ভিডিওর বরাতে ওসি মিজানুর রহমান বলেন, ভিডিওতে দেখা গেছে, দুই ব্যক্তি ধারালো দা নিয়ে রাজিবকে ধাওয়া করছে। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে গেছে। রাজিবের দুই হাত-পা ও বুক কুপিয়ে জখম করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
তিনি বলেন, দুজনকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে। কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে নিশ্চিত হওয়া যায়নি।



