― Advertisement ―

টিউলিপের ফ্ল্যাট কেলেঙ্কারির অজানা সত্য

ডেস্ক রিপোর্টঃ টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট কেলেঙ্কারির অজানা সত্য প্রকাশ পেয়েছে, যেখানে অভিযোগ উঠেছে তিনি লন্ডনের একটি ফ্ল্যাট তার খালার এক ঘনিষ্ঠ সহযোগীর কাছ থেকে উপহার পেয়েছেন এবং সেটি সরকারি সম্পদ হিসেবে গোপন রেখেছেন। এ নিয়ে তদন্ত ও রাজনৈতিক চাপ ক্রমেই বাড়ছে।

প্রভাবশালী সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে এই বিষয়টি প্রথম প্রকাশিত হয়। এরপর থেকেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আলোচনা চলছে। বৃহস্পতিবার তাকে প্রথমবারের মতো অর্থ মন্ত্রণালয়ের অফিসে দেখা গেছে।

ডেইলি মেইল জানিয়েছে, ২০২২ সালে তারা টিউলিপের এই ফ্ল্যাট নিয়ে তদন্ত চালিয়েছিল। তখন টিউলিপ দাবি করেছিলেন, ফ্ল্যাটটি তার বাবা-মা তাকে কিনে দিয়েছেন। তবে ডেইলি মেইলের অনুসন্ধানে উঠে আসে, এটি মূলত তার খালার এক সহযোগীর কাছ থেকে উপহার। মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু হতে পারে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে, মিনিস্ট্রিয়াল কোড উপদেষ্টা বিষয়টি খতিয়ে দেখবেন। এর পাশাপাশি, যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) টিউলিপের ফ্ল্যাট নিয়ে তদন্ত করতে পারে বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।

লেবার পার্টির একটি সূত্র নিশ্চিত করেছে, টিউলিপের বাবা-মা ফ্ল্যাটটি কেনেননি। এটি ছিল তার খালার এক সহযোগীর উপহার। সূত্রটি এটিকে ‘কৃতজ্ঞতার প্রতীক’ হিসেবে উল্লেখ করেছে।

ফ্ল্যাট কেলেঙ্কারির কারণে তীব্র রাজনৈতিক চাপে থাকা টিউলিপ সিদ্দিকের এই ঘটনা তার রাজনৈতিক ক্যারিয়ারকে কীভাবে প্রভাবিত করে, তা সময়ই বলে দেবে।

বিএম/সজীব