নিজস্ব প্রতিবেদক: সারাদেশের মতো বরিশালেও শীতের প্রকোপ বেড়েছে। ভোর থেকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে নগরী। জেঁকে বসেছে শীত।
ঘন-কুয়াশা ও হিমেল ঠান্ডায় মানুষজন কাবু হয়ে পড়েছেন, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না।
শুক্রবার (২ জানুয়ারি) বেলা পৌনে ১২ পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। শহরে তেমন ব্যস্ততা নেই।

আবহাওয়া অফিসের তথ্যমতে, শুক্রবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় শীতবস্ত্রের অভাবেও নিম্ন আয়ের মানুষ পড়েছেন দুর্বিপাকে। সরেজমিনে ঘুরে দেখা যায়, ছিন্নমূল মানুষজনের করুণ অবস্থা।
রিকশাচালক হালিম বলেন, সকালে গাড়ি নিয়ে বের হয়েছি শীতের কারণে মানুষজন নাই। সকাল থেকে এখনো ভাড়া ধরতে পারিনি। এভাবে সারাদিন থাকলে রিকশার জমা দিতে দেড়শ’ টাকা কোথায় পাব আর বাসায় চাল নিব কিভাবে।

অটোচালক আব্দুল কাউম বলেন, আজ শুক্রবার সরকারি অফিস-আদালত বন্ধ। সকালে গাড়ি নিয়ে বের হয়েছি, মানুষজন নাই, ভাড়া ধরতে পারিনি।
আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মাজহারুল ইসলাম বরিশাল মেইলকে জানান, আগামী দু একদিন মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সাথে শীত বাড়ার সম্ভবনা রয়েেছে।



