আবুল হোসেন রাজু, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি :
লাউ চাষে অসাধারণ সাফল্য অর্জন করেছেন পটুয়াখালীর বালিয়াতলী ইউনিয়নের কাংকুনিপাড়া গ্রামের কৃষক মো. মোস্তফা জামান। মাত্র ষাট শতাংশ জমিতে লাউয়ের চাষ করে তিনি পেয়েছেন বিপুল পরিমাণ লাভ। এই চাষে ৩২ হাজার টাকা খরচ করে, এখন পর্যন্ত আয় করেছেন প্রায় দেড় লাখ টাকা। বর্তমানে তার ক্ষেতে ঝুলছে দেড় হাজারেরও বেশি ছোট-বড় লাউ।
লাউয়ের এ বাম্পার ফলনে তিনি কুমড়া জাতীয় ফসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কলাপাড়া পটুয়াখালী থেকে সাহায্য পেয়েছেন। পঁচানব্বইটি মেদা তৈরি করে ডায়না জাতের লাউয়ের বীজ থেকে চারা তৈরি করেন মোস্তফা জামান। প্রতি মেদায় দুটি করে চারা রোপণ করে, ভারমি কম্পোস্ট, টিএসপি, এমওপি সার ব্যবহার করেন। মাসখানেক পরিচর্যার পরেই কাঙ্খিত সাফল্য লাভ করেন তিনি।

লাউ ক্ষেত দেখতে আসা তাজুল ইসলাম বলেন, মোস্তফা জামান ভাইয়ের ক্ষেত দেখে সবারই লাউ চাষ করতে ইচ্ছে করবে। তিনি একজন আধুনিক মানের আদর্শ কৃষক।
নিজের সাফল্য সম্পর্কে মোস্তফা জামান বলেন, দেড় মাস আগে প্রচুর বর্ষার কারণে বীজ রোপণে দেরি হয়েছিল, নাহলে আরো ভালো দামে লাউ বিক্রি করতে পারতাম। তবে বর্তমানে আমার ক্ষেতে দেড় হাজারের অধিক লাউ রয়েছে এবং এখন পর্যায়ক্রমে পাইকাররা লাউ কেটে নিয়ে যাচ্ছে।
এলাকার অন্যান্য কৃষকরাও মোস্তফা জামানের সফলতা দেখে লাউ চাষে আগ্রহ প্রকাশ করছেন। কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন বলেন, লাউয়ের ক্ষেত তৈরিতে কৃষি অফিস থেকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হয়েছে। উপসহকারী কৃষি অফিসার সুজন মন্ডল নিয়মিত প্রদর্শনীর দেখভাল করেছেন।
এসএলটি/বরিশাল মেইল



