বরিশাল প্রতিনিধি :
আজ BRTA স্বীকৃত লাইসেন্সের দাবিতে দেশব্যাপী রিক্সা, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে বরিশালে অশ্বিনী কুমার হলচত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন রিক্সা, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার প্রধান সংগঠক দুলাল মল্লিক। সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের উপদেষ্টা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তী, রিক্সা,ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদের সংগঠক শহিদুল হাওলাদার, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা ২৩২৪) এর সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, ইজিবাইক সংগ্রাম পরিষদের জেলখানা স্ট্যান্ডের সভাপতি আবদুল মান্নান, ২৮ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আইউব আলী, দপদপিয়া ইউনিয়ন শাখার সভাপতি রমজান আকন।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে ৬০ লক্ষ ব্যাটারিচালিত যানবাহনের সাথে জড়িত আড়াই কোটি মানুষের জীবিকার নিশ্চয়তার দাবিতে সংগ্রাম পরিষদ দীর্ঘ ১২ বছর ধরে আন্দোলন করছে।
বৈষম্যবিরোধী আন্দোলনে সারাদেশে রিক্সা-ইজিবাইক শ্রমিকরা সামনের কাতারে দাঁড়িয়ে অংশ নিয়েছে, নিজেরা আহত-নিহত হয়েছে আবার আহত ছাত্রদের পরিবহন করে চিকিৎসা করিয়েছে। কিন্তু আজও ব্যাটারিচালিত যানবাহনের শ্রমিকরা তাদের লাইসেন্স পাবার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। বক্তারা বলেন, থ্রি হুইলার নীতিমালা ২০২৪ অনুযায়ী অবিলম্বে ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইকের BRTA স্বীকৃত লাইসেন্স দিতে হবে।
বক্তারা আরও বলেন, বরিশালের প্রশাসনে এখনো অনেক স্বৈরাচারের দোসররা আছেন যারা শ্রমিকদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছেন। সাম্প্রতিক সময়ে বরিশালের ট্রাফিক বিভাগ ট্রাফিক মামলায় ব্যাটারিচালিত যানবাহন আটক করে ৫ দিন আটকে রাখছে এবং মামলার জরিমানা ৪ হাজার টাকা করেছে যা শ্রমিকের উপর অমানবিক অত্যাচার। বক্তারা অবিলম্বে এই জরিমানা কমিয়ে ৫০০ টাকা করার দাবি জানান এবং মামলার দীর্ঘসূত্রিতা কমাবার দাবি জানান। একইসাথে বক্তারা যানজট নিয়ন্ত্রণের নামে শুধু ব্যাটারিচালিত যানবাহনের শ্রমিকদের উপর চড়াও না হয়ে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পার্কিং স্ট্যান্ড, মহাসড়কে সাইডলেন নির্মাণ করা এবং অবৈধভাবে নতুন গাড়ি নির্মাণের ওয়ার্কশপ বন্ধের মাধ্যমে নগরীর যানজট নিয়ন্ত্রণের দাবি জানান।
পরবর্তীতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সংগ্রাম পরিষদের একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর ও বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক,পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করে। সংগ্রাম পরিষদের দাবির মুখে বরিশাল মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ট্রাফিক মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে ৫ দিন থেকে ২ দিন করেন ও জরিমানা কমিয়ে ৩ হাজার টাকা করেন।



