বরিশাল প্রতিনিধি
বরিশালের বঙ্গবন্ধু উদ্যানের নাম আগস্টের শহিদ আব্দুল্লাহ আল-আবিরের নামে নামকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা ফোরাম বরিশাল শাখার উদ্যোগে বুধবার বেলা ১১টায় বঙ্গবন্ধু উদ্যানের সামনে বান্দ রোডে এ কর্মসূচি হয়।
এ সময় উপস্থিত ছাত্রজনতা বঙ্গবন্ধু উদ্যানের নাম পরিবর্তন করে নতুন সাইনবোর্ড টাঙিয়ে দেন।
স্বাধীনতা ফোরাম বরিশাল শাখার আহবায়ক নুরুল আমিনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সদস্য ও স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
এ সময় বক্তারা বলেন- আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অকাতরে জীবন দিয়েছেন অনেকেই। সেই আন্দোলনে শহিদ আব্দুল্লাহ আল-আবিরের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু উদ্যানের নাম তার নামে নামকরণের দাবি সব মহলের। তাই অবিলম্বে এ উদ্যানের নাম শহিদ আবিরের নামে নামকরণের দাবি করছি।



