পটুয়াখালী প্রতিনিধি
হামলা, ভাঙচুর ও কুপিয়ে আহত করার অভিযোগে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মো. আলমগীর হোসেন, সাবেক পৌর মেয়র মো.জিয়াউল হক জুয়েল ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, সাবেক ভাইস চেয়ারম্যান আনিচুর রহমান সহ ৩৭ জনের নাম উল্লেখ করে আরও ২০০-৩০০ অজ্ঞাত ব্যক্তির নামে মামলা হয়েছে।
শনিবার (২৪ আগষ্ট) বাউফল থানায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. খলিলুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।
খলিলুরের বাড়ি উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা গ্রামে। তাঁর বাবার নাম আবদুর রহমান। মামলার এজাহার সূত্রে জানা গেছে,২০২২ সালের ১০ জুন সকালে বাউফল উপজেলার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল একই ইউনিয়নের ৯৮ নম্বর গোসিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় কর্মিসভার আয়োজন করে।
সভা শুরু হওয়ার পর সকাল সাড়ে ১০ টার দিকে আসামিরা লাঠিসোঁটা, দা, রামদা, লোহার পাইপ, জিআই পাইপ ও দেশী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং নেতা-কর্মীদের পিটিয়ে ও কুপিয়ে আহত করে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ১ নম্বর আসামি আ স ম ফিরোজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



