বরিশাল প্রতিনিধি
আওয়ামী লীগ সরকার পতনের রাতে বালি ফেলে দখল করা নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার আলোচিত সেই ১০ কোটি টাকার পুকুর থেকে বালি অপসারণ শুরু করেছে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ-সদস্য বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিনের পরিবার।
পরিবেশ অধিদপ্তরের দেওয়া নোটিশ ও মামলার হুমকির মুখে দুজন শ্রমিক নিয়ে শুরু হয়েছে এ কাজ। বিষয়টিকে লোক দেখানো বলে আখ্যা দিয়েছে পরিবেশবাদীরা।
তাদের মতে, ট্রাকের পর ট্রাক ভর্তি করে আনা বালু ফেলে ভরাট করা পুকুরের বালু অপসারণে দুজন শ্রমিক কাজ করলে পাঁচ বছরেও সেটি পূর্বের অবস্থায় ফেরত আসবে না। তবে এ বালু অপসারণ শুরুর মাধ্যমে পুকুর দখল অভিযোগের সত্যতা স্বীকার করে নিল তারা এমনটাও বলছেন অনেকে।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের ১০ দিনের সময় দেওয়া হয়েছে। এ ১০ দিনের মধ্যে সম্পূর্ণ বালু অপসারণ করে পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া না হলে শিরিনসহ অন্যদের বিরুদ্ধে মামলা করা হবে।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন রাতের অন্ধকারে বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ডে কয়েকশ বছরের পুরোনো জন ব্যবহার্য একটি পুকুর ভরাট করে দখলের চেষ্টা চালান দলের সব পদ-পদবি স্থগিত হওয়া বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। বাস ভবনের পাশেই থাকা ওই পুকুরটি তার দাদা’র বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন তিনি।
যদিও ওই এলাকার বাসিন্দাদের মতে, ব্রিটিশ আমলে পর্তুগিজ ব্যবসায়ী এমটি ব্রাউনের স্ত্রী মিসেস ব্রাউন তার জীবদ্দশায় পুকুরটি জনগণের ব্যবহারের জন্য দান করে গেছেন। ৩-৪ রাতের মধ্যে প্রায় ২৫ শতাংশ জমি জুড়ে থাকা পুকুরের বেশিরভাগ বালু দিয়ে ভরাট করে ফেলেন শিরিন ও তার পরিবার। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ ও পরিবেশবাদীদের ক্ষোভের মুখে পরিবেশ অধিদপ্তর বাধা দিলে বন্ধ হয়ে যায় পুকুর ভরাট।
পরে পুকুর ভরাটের সঙ্গে জড়িত শিরিন ও তার ভাই শামিমসহ সাতজনকে নোটিশ দেয় পরিবেশ অধিদপ্তর। প্রায় ১০ কোটি টাকা মূল্যের পুকুর ভরাট করে দখল চেষ্টার অভিযোগের প্রমাণ পাওয়ায় শিরিনের দলীয় সব পদ-পদবি স্থগিত এবং তার রাজনৈতিক ও সাংগঠনিক সব কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ করে বিএনপি।
১১ আগস্ট দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
নোটিশে দেওয়া সময়সীমার মধ্যে বালু অপসারণ শুরু না হওয়ার পরও কেন মামলা হলো না জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর বরিশালের পরিচালক ইকবাল হোসাইন বলেন, ‘মামলা করার সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছিলাম। অনুমোদনের জন্য ঢাকায়ও পাঠানো হয়েছিল। এরই মধ্যে পুকুরের বালু অপসারণে ৯০ দিনের সময় চেয়ে আবেদন করে অভিযুক্তরা। তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা ১০ দিন সময় দিয়েছি। এ সময়ের মধ্যে বালু অপসারণ শেষ না হলে মামলাটি দায়ের হবে।’
পুরো বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিএনপি নেত্রী শিরিন বলেন, ‘ওই সম্পত্তির অংশীদার ২১ জন। আপনারা আমাকে নিয়ে পড়ে আছেন ক্যানো? আমি বালু ভরাটও করিনি আর তুলছিও না। অন্য যারা মালিক আছে তাদের সঙ্গে কথা বলুন।’



