বরিশাল মেইল ডেস্ক
ভোলার তজুমদ্দিনের চরে গভীর রাতে বজ্রপাতে ৯ জন মহিষের রাখাল আহত হয়েছে। প্রতিবেশীরা অজ্ঞান অবস্থায় আহতদের উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন। ডাক্তার জানিয়েছেন আহতরা ঝুকি মুক্ত। সোমবার (১৯) আগস্ট গভীর রাতে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরজহিরউদ্দিনের সোনাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
বজ্রপাতে আহত সালাউদ্দিন জানান, চরজহিরউদ্দিনের জাকিরের মহিষের বাতানে আমরা ১০/১৫ জন রাখাল দিন শেষে টং ঘরে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে আকস্মিক বজ্রপাতে আমরা ৯ (নয়) জন অজ্ঞান হয়ে যাই। বাতানের মালিক জাকিরসহ পাশে থাকা লোকজন আমাদেরকে ট্রলার যোগে হাসপাতালে নিয়ে আসেন। এরপর সকালে আমাদের জ্ঞান ফিরে আসে।
আহতরা হলো- মনির (৩০),আবুল বাসার (৪০), সালাউদ্দিন (৩৫),আবু তাহের (৬০), দ্বীন ইসলাম (৪৫), হৃদয় (২০), ফাহিম (১৮), কামালউদ্দিন(৪০)। কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. শাহ শারমিন জানান, বজ্রপাতে আহত হয়ে যারা হাসপাতালে এসেছেন, তারা আশংকা মুক্ত আছেন। আহত ৩ জন চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন বাকি ৬ জনকে প্রাথমিক চিকিঠসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।



