― Advertisement ―

দিল্লিতেই থাকছেন শেখ হাসিনা

বরিশাল মেইল ডেস্ক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভবত কিছু সময়ের জন্য ভারতে থাকবেন। কারণ, তাঁর যুক্তরাজ্য যাওয়ার পরিকল্পনার ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এই তথ্য জানতে পেরেছে।

সরকারের বিরুদ্ধে সহিংস বিক্ষোভের মুখে গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আসতে বাধ্য হন।

শেখ হাসিনার সঙ্গে তাঁর বোন আছেন। যুক্তরাজ্যে তাঁদের পরিবারের সদস্যরা থাকেন। সাবেক প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার পরিকল্পনা করেছিলেন বলে জানা যায়।

তবে যুক্তরাজ্যের অভিবাসনবিধি অনুসারে, একজন ব্যক্তি যুক্তরাজ্যে থাকলেই কেবল তাঁর আশ্রয়ের অনুরোধ বিবেচনায় নেওয়ার প্রক্রিয়া শুরু করা যেতে পারে। তা ছাড়া যুক্তরাজ্যে যাওয়ার জন্য শেখ হাসিনার ভিসাও নেই।

অন্যদিকে আশ্রয়প্রার্থীর বিষয়ে সরকারি নীতি না থাকা সত্ত্বেও ভারত শেখ হাসিনাকে থাকতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নিউজ-এইটিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা যুক্তরাজ্যে যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা চালিয়েছিলেন, সেটি আপাতত বাতিল করা হয়েছে। কারণ যুক্তরাজ্য এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেয়নি। এছাড়া যুক্তরাষ্ট্রও তার ভিসা বাতিল করেছে। অন্যদিকে শেখ হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের ওপর ইউরোপের অন্য দেশগুলোও চাপ দিচ্ছে। তবে ভারত সরকার তাকে বলেছে যে, যতদিন পর্যন্ত তিনি ভবিষ্যত পরিকল্পনা ঠিক না করছেন, ততদিন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করতে পারবেন।