নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:
সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে রাজ্জাক মল্লিকের (৪২) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বরিবার সকালে ওই জেলের মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসেন সহকর্মীরা।
নিহত রাজ্জাক মল্লিকের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালীর উপজেলার ছোটবাইশদিয়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ইউসূফ আলী মল্লিকের ছেলে।
নিহতের সহকর্মীরা জানায়, তারা রাজ্জাক মল্লিকসহ ১২ জন জেলে শনিবার সকালে মাছ ধরতে সাগরে রওনা দেয়। তারা ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মুকুল সাহার মালিকানাধীন জেলে ট্রলার নিয়ে পায়রা সমুদ্র বন্দর থেকে কমপক্ষে ১০ কিলোমিটার দক্ষিনে গভীর সমুদ্রে মাছ ধরতে জাল ফেলার জন্য প্রস্তুতি নেয়।
ওই দিন রাত আনুমানিক ৮টার দিকে সকলে ট্রলারে রাতের খাবার খাওয়া-দাওয়া শেষ করে। এক পর্যায়ে পানি খেয়ে জেলে রাজ্জাক ট্রলারের পেছনের অংশে গিয়ে থালা ধুতে গিয়ে ঢেউয়ের তোড়ে পা পিছলে ট্রলার থেকে সাগরে পড়ে যান।
ঘটনাটি ট্রলারে থাকা অন্য জেলেরা টের না পেলেও তাদের পাশে থাকা অপর একটি ট্রলারের জেলেরা বিষয়টি দেখে ডাক-চিৎকার দেয়। এ সময় রাজ্জাককে উদ্ধার করতে সহকর্মীরা সাগরে লাইট জ্বালিয়ে খোঁজ শুরু করেন। কিন্তু তারা সন্ধান পাননি। এরপর তারা প্রস্তুতি নিয়ে জাল ফেলে এক ঘন্টা চেষ্টার পর রাজ্জাকের মরদেহটি উদ্ধার করেন। আজ রোববার সকালে রাজ্জাকের মরদেহ জেলেরা তার বাড়িতে নিয়ে আসেন। এদিকে রাজ্জাকের মরদেহ বাড়িতে পৌছার পর সেখানে কান্নার রোল পড়ে যায়। নিহত রাজ্জাকের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
রাঙ্গাবালী নৌপুলিশ কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, সাগরে পড়ে নিখোঁজ হওয়ার বিষয়টি অবহিত হয়েছে পুলিশ।



