নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী :
সাঁতার না শিখে নদীতে গোসল করতে গিয়ে রাহুল সমাদ্দার (১৫) নামে এক স্কুল ছাত্র প্রাণ হারিয়েছেন। আজ শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের গোডাউন সংলগ্ন এলাকার লোহালিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
রাহুল জেলার গলাচিপা উপজেলার চরকাজল গ্রামের বাসুদেব সমদ্দারের ছেলে। সে পটুয়াখালীতে এক আত্মীয়ের বাসায় থেকে লাউকাঠিতে শহীদ স্মৃতি বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ালেখা করতো।
নিহতের স্বজনরা জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ি সংলগ্ন লোহালিয়া নদীতে গোসল করতে যায় রাহুল। নদীতে একটু নামার পরই পা পিছলে নদীতে পড়ে যায়। সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খরব দেন।
পরে খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্ট গার্ড সেখানে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন। প্রায় দেড়ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর ১২টার দিকে রাহুলের মরদেহ নদী থেকে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী নদী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান মো. মজিবুর রহমান জানান, গোসলের স্থানটি গভীর ছিল। ঘটনাস্থলের কাছ থেকেই মৃতদেহ উদ্ধার করা হয়েছে।



