আন্তর্জাতিক ডেস্ক
নেপালে তরুণদের বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগে বেশ কয়েক জন নিহত হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।
আজ সোমবার রাতে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
তবে, এখনও তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রী গ্রহণ করেননি বলে বৈঠকে উপস্থিত দুই মন্ত্রী জানিয়েছেন।
সরকারের দুর্নীতি এবং ২৬টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধের প্রতিবাদে নতুন প্রজন্মের তরুণদের ডাকা বিক্ষোভের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন।
নিহত ও আহতদের মধ্যে স্কুলের পোশাক পরা শিক্ষার্থীরাও রয়েছে বলে খবর পাওয়া গেছে।
এর আগে, ১৫ই মার্চ রাজতন্ত্রপন্থী একটি গোষ্ঠীর আয়োজিত বিক্ষোভের সময় অপ্রয়োজনীয় বলপ্রয়োগের জন্যও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল।



