নিজস্ব প্রতিবেদক
শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়েছেন শিক্ষকরা। আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে তারা শাহবাগ ছেড়ে যান। তবে দাবি না মানলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।

শাহবাগ ছেড়ে আন্দোলনকারী শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। আন্দোলনরত শিক্ষকদের শাহবাগ মোড় ছেড়ে দেওয়ার কারণে জান চলাচল এখন স্বাভাবিক।
আন্দোলনকারী একজন শিক্ষক মনিরুল ইসলাম জানান, জনদুর্ভোগ যাতে না হয় সেজন্য আমরা শাহবাগ ছেড়ে দিয়ে শহীদ মিনারে অবস্থান নিয়েছি এখন। আমরা রাতে এখানে অবস্থান করবো। আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয়, তাহলে আগামীকাল যমুনার উদ্দেশ্যে মার্চ করব।
জানা যায়, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতাসহ তিন দাবিতে বুধবার দুপুর ২টার দিকে শাহবাগ ব্লকেড করেন এমপিওভুক্ত শিক্ষকরা। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এর আগে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, ‘শিক্ষকদের আন্দোলন সফলতার দিকে যাচ্ছে। মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়াসহ তিন দাবি থেকে একচুলও নড়ব না। চিকিৎসা ভাতা ১ হাজার ৪৯৯ টাকা হলেও হবে না।’
শিক্ষকদের তিন দফা দাবি হলো, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান।



