নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে অন্তত চার স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনায় ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পাশাপাশি রাজধানীর নিরাপত্তা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার।
এছাড়া আইন অমান্য করে কেউ কোনোরূপ বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় আজ সোমবার অন্তর্বর্তী সরকারের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত যুবককে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, কাকরাইলের সেন্ট মেরি ক্যাথেড্রাল এবং ক্যাথলিক পরিচালিত বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণসহ একাধিক ঘটনার বিষয়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুকে এক বিবৃতিতে প্রেস উইং জানায়, সন্দেহভাজন ব্যক্তিকে ককটেল বিস্ফোরণসহ একাধিক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রেস উইং আরো জানায়, ডিএমপি এই জঘন্য ও কাপুরুষোচিত সহিংসতায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তারের জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে সমন্বয় করে শহরজুড়ে অভিযান জোরদার করেছে।
খোঁজ নিয়ে জানা যায়, মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং ফরহাদ মজহারের প্রতিষ্ঠান প্রবর্তনার সীমানার ভেতরে এবং সামনের সড়কে দুইটি ককটেল বিস্ফোরণ করা হয়। মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া ধানমণ্ডি ২৭ নম্বরের প্রধান সড়কে মাইডাস সেন্টারের সামনে এবং ধানমণ্ডি-৯ এর ইবনে সিনা হাসপাতালের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তবে ওই সব বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি।



