মাত্র ৫দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে আবারো গুলিতে প্রাণ হারিয়েছে ২ শিক্ষার্থী। রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের প্রভিডেন্সে ব্রাউন ইউনিভার্সিটির এ ঘটনায় আরও অন্তত নয় জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে এই হামলার ঘটনা ঘটে। হামলার সময় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছিল। বন্দুকধারীর বিষয়ে প্রাথমিক সতর্কতা জারির পর প্রায় পাঁচ ঘণ্টা অতিবাহিত হয়ে গেলেও সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে আর কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
পুলিশ বলছে, গুলির ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের বারুস অ্যান্ড হলি ইঞ্জিনিয়ারিং ভবনে। এটি ক্যাম্পাসের পূর্বাঞ্চলীয় প্রান্তে। কালো পোশাক পরিহিত হামলাকারী একজন পুরুষ। তারা একটি ভিডিও পেয়েছেন যেখানে সন্দেহভাজন হামলাকারীর মুখ দেখা যাচ্ছে না।
ব্রাউন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ঘটনার পর থেকেই তাদের শিক্ষার্থীদের নিজ নিজ কক্ষের দরজা বন্ধ রাখতে এবং ক্যাম্পাসে ঘুরাঘুরি না করার নির্দেশনা দিয়েছে। হামলাকারীকে ধরার জন্য তল্লাশি অভিযান চালানোর জন্য পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়েছে।
ব্রাউন ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের অন্যতম পুরনো বিশ্ববিদ্যালয়। এটি যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব অঞ্চলের এলিট বিশ্ববিদ্যালয়গুলোর গ্রুপ- আইভি লীগের অংশ। এর শিক্ষার্থী সংখ্যা ১১ হাজার।
মেয়র স্মাইলি বলেন, স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম হামলার খবর পায়। জরুরি নম্বর ৯১১-এ ফোন আসার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
তিনি আরো বলেন, ‘এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যাচ্ছে, ২জন নিহত হয়েছেন এবং ৯জন গুরুতর আহত হন। তবে হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে।’
প্রসঙ্গত, মাত্র ৫ দিন আগে যুক্তরাষ্ট্রের কেনটাকি স্টেট বিশ্ববিদ্যালয়ের একটি রেসিডেন্স হলে বন্দুকধারীর গুলিতে ১ শিক্ষার্থী নিহত ও আরেকজন গুরুত্বর আহত হন।



