― Advertisement ―

ব্যাংককে ড. ইউনূস ও মোদির দ্বিপাক্ষিক বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্কঃ ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, শুক্রবার এই বৈঠকটি অনুষ্ঠিত হবে, যা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর ড. ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতা প্রথমবার মুখোমুখি হন। সেখানে তাদের দীর্ঘক্ষণ ঘনিষ্ঠভাবে আলাপ করতে দেখা গেছে এবং একে অপরের খোঁজখবর নেন বলেও জানান শফিকুল আলম।

বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সমন্বয়ে গঠিত বিমসটেক জোটের সপ্তম শীর্ষ সম্মেলন উপলক্ষে বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন ড. ইউনূস ও নরেন্দ্র মোদি। সম্মেলনটি শুরু হয়েছে ২ এপ্রিল এবং তা চলবে ৪ এপ্রিল পর্যন্ত।

চলমান আঞ্চলিক ও দ্বিপাক্ষিক ইস্যুতে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে কূটনৈতিক মহল মনে করছে।

বিএম/সজীব