ডেস্ক রিপোর্টঃ বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্ব শুরু হয়েছে টঙ্গীর তুরাগতীরে। গতকাল বৃহস্পতিবার মাগরিবের পর আম বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই বৃহৎ ধর্মীয় সমাবেশ। লাখো মুসল্লি ইতোমধ্যেই ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন। আজ শুক্রবার তারা একসঙ্গে জুমার নামাজ আদায় করবেন।
ইজতেমাকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে মার্কিন দূতাবাস এক গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে।
গতকাল বৃহস্পতিবার মার্কিন দূতাবাস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অফিশিয়াল পেজে এক পোস্টের মাধ্যমে ইজতেমার কারণে সম্ভাব্য যানজট ও নিরাপত্তা বিষয়ক কিছু নির্দেশনা দিয়েছে।
পোস্টে উল্লেখ করা হয়েছে—
🔹 বিশ্ব ইজতেমার প্রধান সমাবেশস্থলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই মাইল উত্তরে অবস্থিত।
🔹 চার মিলিয়ন (৪০ লাখ) মানুষ ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে পারেন, যা ঢাকার প্রধান সড়কগুলোর ট্রাফিক ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলতে পারে।
🔹 বিমানবন্দরে যাতায়াতের সময় দীর্ঘ যানজটের মুখে পড়তে হতে পারে এবং এতে কয়েক ঘণ্টা বিলম্বও হতে পারে।
🔹 যাত্রাপথে অনাকাঙ্ক্ষিত বিলম্ব এড়াতে প্রত্যেককে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন দূতাবাসের তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা:
✅ ভ্রমণ পরিকল্পনা পর্যালোচনা করুন: অতিরিক্ত ট্রানজিট সময়ের প্রয়োজন হতে পারে, তাই আগে থেকেই প্রস্তুতি নিন।
✅ পরিচয়পত্র ও বিমানের টিকিট সঙ্গে রাখুন: বিমানবন্দরে প্রবেশের সময় চেকপয়েন্টে উপস্থাপনের জন্য যথাযথ কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
✅ বড় সমাবেশ বা বিক্ষোভের আশপাশে সতর্ক থাকুন: যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জনসমাগম এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন।
পোস্টে আরও জানানো হয়েছে যে, ইজতেমার সময় মার্কিন দূতাবাসের কার্যক্রম স্বাভাবিক থাকবে এবং যেকোনো জরুরি প্রয়োজনে তারা নির্দিষ্ট যোগাযোগ নম্বরে সহায়তা দেবে।
বিশ্ব ইজতেমার কারণে ঢাকার বিভিন্ন প্রধান সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাই যাত্রীদের পরিকল্পিতভাবে যাতায়াতের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিএম/সজীব



