বিশেষ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. আসাদ উল্লাহ খানকে কুপিয়ে গুরুতর জখম করার প্রতিবাদে ও দায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বাকেরগঞ্জ পৌর ও সরকারি কলেজ ছাত্রদল যৌথভাবে রোববার দুপুরে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সরকারি কলেজের সামনে এই মানববন্ধন করে।
জানা যায়, আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে গতকাল শনিবার রাত ৯ টার দিকে বাকেরগঞ্জের নিয়ামতি বন্দরে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আসাদ উল্লাহ খানকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এতে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, সন্ত্রাসীরা ছাত্রদল নেতা আসাদ উল্লাহকে নির্মমভাবে কুপিয়ে তাঁর দুই হাত প্রায় বিচ্ছিন্ন করে দেয়। দুই পায়ের রগ কেটে ফেলে এবং শরীরের অন্যান্য স্থানে গুরুতর জখম করে। পরে আসাদকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) নেওয়া হয়।
বাকেরগঞ্জ উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা বলেন, এই সন্ত্রাসী ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার জন্য স্তানীয় পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান ছাত্রদল নেতারা।
সমাবেশ বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, সদস্য সচিব কবির খান, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আলাল হাওলাদার, সদস্য সচিব জসিম হাওলাদার, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক গাজী সাইফুল জোনায়েদ, কায়েস রহমান, কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হাফিজুল খান, জুয়েল হাওলাদার, সিহাব তালুকদার, রনি হাওলাদার। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকেরা অংশ নেন।



