ডেস্ক রিপোর্টঃ লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, বাহাত্তরের সংবিধান বাতিল মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী নয়, বরং এর পূর্ণ বিজয় এবং স্বাধীনতার ঘোষণাকে পুনঃপ্রতিষ্ঠা করার অনুঘটক। শনিবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ফরহাদ মজহার লিখেছেন, বাহাত্তরের সংবিধান বাতিল মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা নয়, বরং তা স্বাধীনতার প্রকৃত ঘোষণা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বিজয়ী করার পদক্ষেপ। এ প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণায় বাহাত্তরের সংবিধান বাতিল এবং নতুন গঠনতন্ত্র প্রণয়ণের প্রক্রিয়া শুরু করার অঙ্গীকার থাকতে হবে।”
তিনি আরও যোগ করেন, “গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ বাঙালি জাতিবাদী ফ্যাসিস্ট শক্তি এবং রাষ্ট্রব্যবস্থা উৎখাত করেছে। এটি শুধু সেকুলার ফ্যাসিবাদ নয়, ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধেও একটি ঐতিহাসিক লড়াই। হিন্দুত্ববাদ এবং উগ্র পরিচয়বাদী মুসলিম জাতিবাদ একই মুদ্রার দুই পিঠ।”
ফরহাদ মজহার উল্লেখ করেন, শেখ হাসিনার বিদ্যমান সংবিধান বাতিল করে জনগণের সার্বভৌম ক্ষমতাকে পুনরুদ্ধার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রয়োজনীয়তা। তিনি বলেন, “জনগণের সার্বভৌম ক্ষমতা খর্বকারী যে কোনো মতবাদ বা শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই আরও তীব্র করা হবে।”
বিএম/সজীব



