নিজস্ব প্রতিবেদক
পুলিশ সদস্যদের রাজনীতি ও রাজনৈতিক দল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বরিবার (৭ সেপ্টেম্বর) রাজারবাগের পুলিশ অডিটরিয়ামে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘আপনারা কোনো বিশেষ দলের হয়ে কাজ করবেন না, নিজেকে রাজনৈতিক দলের কর্মী ভাববেন না। আমরা কাজকর্মে যত স্বচ্ছ থাকবো, সাধারণ জনগণের কাছে তত আস্থা অর্জন করতে পারবো’।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তি ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং পুরনো বাজে নির্বাচন ভুলে নতুন ভালো দৃষ্টান্ত স্থাপনের ওপর জোর দেন তিনি।
অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অপারেশন ডেভিল হান্ট না থাকলেও এর কর্মতৎপরতা বন্ধ হয়নি। প্রত্যেক থানায় ফ্যাসিস্টদের তালিকা রয়েছে এবং তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
উল্লেখ্য, নির্বাচনের দায়িত্ব পালনে পেশাদারিত্বের সাথে কাজ করার লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করতে এক লাখ ৫০ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।



