পটুয়াখালী প্রতিনিধি: বাংলাদেশের পটুয়াখালীর কলাপাড়া উপজেলার জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার প্রতিনিধি দুলালী বেগম কপ-২৯ জলবায়ু সম্মেলনে তার মতামত তুলে ধরেন। সোমবার (১১ নভেম্বর) আজারবাইজানের বাকু শহরে অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি উপকূলীয় জনগণের জীবনযাত্রার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অর্থায়নের প্রয়োজনীয়তার কথা বলেন।
দুলালী বেগম তার বক্তব্যে বলেন “জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের জীবনযাত্রায় বিপর্যয় ঘটছে। যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয়, তবে ভবিষ্যতে আরও বড় দুর্ভোগের শিকার হতে হবে আমাদের।” তিনি এসময় বাংলাদেশসহ অন্যান্য দেশের মানুষদের সংকটের চিত্র তুলে ধরে, জলবায়ু সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তার কথা বলেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইডের সদস্যরা, যারা জলবায়ু ন্যায়বিচার ও সঠিক অর্থায়নের গুরুত্ব তুলে ধরেন। তারা জানান, জলবায়ু সংকট মোকাবেলায় টেকসই সমাধান এবং কার্যকর অর্থায়ন অত্যন্ত জরুরি।
দুলালী বেগম আরও বলেন, “আমাদের শুধু ত্রাণ নয়, প্রয়োজন উন্নয়নমূলক সমাধান। জলবায়ু সংকট মোকাবেলা করতে হলে আন্তর্জাতিক সহায়তা অপরিহার্য।”



