ডেস্ক রিপোর্ট :
আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নির্বাচনের ব্যাপারে নিজের এ অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
গতকাল বুধবার (২১ মে) সকালে সেনা কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সভায় সেনাপ্রধান এই দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ বিষয়ে কোনো সংবাদ বিজ্ঞপ্তি দেয়নি। পরে যোগাযোগ করা হলে আইএসপিআর কোনো মন্তব্য করবে না বলেও জানায়।
বক্তব্যে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে।
সেনাপ্রধান বলেন, আগস্ট থেকে সেনাবাহিনীর ধারাবাহিক প্রচেষ্টা সত্ত্বেও কিছু মহল তাঁকে ও বাহিনীকে অন্যায্যভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর– এমন কোনো কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনী কখনও যুক্ত হবে না।
এ ছাড়া জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের নিরলস ভূমিকা ও প্রতিশ্রুতির প্রশংসা করেন সেনাপ্রধান।



