কেবল চিঠি বা ছোট খাম নয়; দেশের ডাক বিভাগ এখন ঘরে পৌঁছে দিচ্ছে ফ্রিজ, মোটরসাইকেল, এসি এবং আসবাবপত্রের মতো ভারী গৃহস্থালি সামগ্রী। বাংলাদেশ ডাক বিভাগের নতুন স্পিড পোস্ট সেবার আওতায় গত দুই মাসে পরিবাহিত হয়েছে প্রায় ৪০০ টন ভারী পণ্য। প্রথম কেজিতে মাত্র ১০ টাকা এবং পরবর্তী প্রতি কেজিতে ৫ টাকা হারে মাশুল নির্ধারণ করায় সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই রাষ্ট্রীয় পরিবহন সেবা।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বাসসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম এই নতুন অগ্রগতির তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দেশের প্রচলিত আইনে নিষিদ্ধ নয়—এমন যেকোনো বৈধ পণ্যই এখন ডাক বিভাগের গাড়িতে ওঠানো-নামানো এবং পোস্টম্যানের মাধ্যমে গ্রাহকের দরজায় পৌঁছে দেওয়া হচ্ছে। সম্প্রতি পরীক্ষামূলকভাবে মোটরসাইকেলের পাশাপাশি ফ্রিজ, আলমারি, ওয়ার্ডরোব, টিভি, এসি, বাইসাইকেল এমনকি রান্নার নানা জিনিসপত্রও সফলভাবে গন্তব্যে বিলি করা হয়েছে। গ্রাহক সুবিধার জন্য চালু হয়েছে অনলাইন মাশুল ক্যালকুলেটর, যার মাধ্যমে আগেভাগেই মাশুল হিসাব করা যাচ্ছে।
পণ্য বিলির সময়সীমা স্পষ্ট করে মহাপরিচালক বলেন, স্পিড পোস্টে বুকিং করা পণ্য জেলা শহর থেকে ঢাকায় সর্বোচ্চ ২৪ ঘণ্টা, এক জেলা থেকে অন্য জেলায় ৪৮ ঘণ্টা এবং দুর্গম অঞ্চলে ৯৬ ঘণ্টার মধ্যে বিলির জন্য প্রস্তুত করার বাধ্যবাধকতা রয়েছে। তবে সুরক্ষার স্বার্থে বিস্ফোরক, দাহ্য পদার্থ, ক্ষতিকর রাসায়নিক, মাদক, জীবন্ত প্রাণী, আগ্নেয়াস্ত্র এবং গ্যাস সিলিন্ডার পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে।
বিএনপির নির্বাচনী ইশতেহারের সঙ্গে সমন্বয় রেখে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই বিশেষ সেবা চালু করা হয়। এর আগে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ১৫ লাখ ৩৩ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট নিখুঁতভাবে ট্র্যাকিং বার্তার মাধ্যমে পৌঁছে দিয়ে ডাক বিভাগ জনগণের আস্থা অর্জন করে। এরই ধারাবাহিকতায় এখন স্বল্প মাশুলে ভারী পণ্য পরিবহনের মাধ্যমে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি নতুন যুগে পদার্পণ করছে।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে কাজী আসাদুল ইসলাম জানান, পরিবেশবান্ধব সেবার অংশ হিসেবে ৫০টি বৈদ্যুতিক বাইক যুক্ত করা হয়েছে। একই সঙ্গে ঢাকার তেজগাঁও কেন্দ্রীয় মেইল প্রসেসিং সেন্টার, কমলাপুর রেলওয়ে মেইল সার্ভিস এবং জিপিও ক্যাম্পাসের মধ্যে সমন্বয় ঘটিয়ে আধুনিক মেইল হাব গড়ে তোলা হচ্ছে। আগামী দিনে বাসা পরিবর্তনের সময় পুরো বাসার আসবাবপত্র এক জেলা থেকে অন্য জেলায় পরিবহনের পূর্ণাঙ্গ ইন্টার-সিটি শিফটিং সেবা চালুর পরিকল্পনাও রয়েছে।



