বরিশাল মেইল ডেস্ক
টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার টিম সাউদি। চলতি মাসে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার মধ্য দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন কিউইদের ক্রিকেট ইতিহাসের অন্যতম এই সেরা পেসার।
শুক্রবার (১৫ নভেম্বর) টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে সাউদি বলেন, ‘নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করা ছিল আমার বেড়ে ওঠার সময়ের স্বপ্ন। ব্ল্যাকক্যাপসের হয়ে ১৮ বছর খেলতে পারাটা আমার জন্য সবচেয়ে সম্মানের। কিন্তু যে খেলাটা আমাকে এতকিছু দিয়েছে তা থেকে সরে আসার এটাই ঠিক সময় মনে হচ্ছে।’
২০০৮ সালের মার্চে নেপিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল সাউদির। এবার সেই ইংলিশদের বিপক্ষে ম্যাচ দিয়েই ইতি টানছেন তিনি।
এ প্রসঙ্গে সাউদি বলেন, যাদের বিপক্ষে এই লম্বা যাত্রার শুরুটা হয়েছিল, তাদের বিপক্ষেই এত বড় একটা সিরিজ এবং যে তিনটা মাঠ আমার কাছে অবিশ্বাস্য রকমের বিশেষ, সেখানে খেলতে পারাটা আমার ক্যারিয়ারের সমাপ্তির জন্য দারুণ মানানসই।
২০২৩ বিশ্বকাপে সর্বশেষ ওয়ানডে আর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ টি-টোয়েন্টি খেলা সাউদি জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন। এমনকি নিউজিল্যান্ড ২০২৫ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠলে সেখানেও খেলবেন।
যদিও ফাইনালে ওঠার সম্ভাবনা কমই, পয়েন্ট তালিকায় নিউজিল্যান্ড এখন চার নম্বরে। সেটা ভেবেই এখনই শেষের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সাউদি, ‘পরিবার, বন্ধু, কোচ, ভক্ত এবং খেলার সঙ্গে জড়িত যারা ক্যারিয়ারজুড়ে আমাকে সহায়তা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
২০২২ থেকে ২০২৪–এই সময়ে নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটের নেতৃত্ব দিয়েছেন সাউদি। তার অধীনে ১৪ টেস্ট খেলেছে কিউইরা। তবে সাউদি সকলে স্মরণ করবে নিউজিল্যান্ডের সেরা বোলার হিসেবে। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এখন পর্যন্ত ৭৭০ উইকেট তার দখলে। সাউদির বাইরে বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টরি (৬৯৬) ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটের আর কোনো বোলার ন্যূনতম টেস্টে ৩০০, ওয়ানডেতে ২০০ এবং টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নিতে পারেননি।
সাউদি এখন পর্যন্ত ১০৪ টেস্টে নিয়েছেন ৩৮৫ উইকেট, যা নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের জন্যও বিশেষভাবে আলোচিত থাকবেন সাউদি। মূলত টেস্ট ক্রিকেটে তার ৯৩টি ছক্কার কারণে। যা টেস্ট ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ। টেস্ট নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা তার। টেস্টে ১০৭ ছক্কা মেরে সাউদির উপরে আছে শুধু ব্রেন্ডন ম্যাককালাম।



