― Advertisement ―

টাম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ২০২৬: শেরাটন টাম্পা ব্র্যান্ডন হোটেলের সঙ্গে ভেন্যু চুক্তি স্বাক্ষর

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট টাম্পা, ফ্লোরিডা ২০২৬। এ আয়োজনকে সামনে রেখে আয়োজক ওয়ার্ল্ড ফেস্ট টিম আনুষ্ঠানিকভাবে শেরাটন টাম্পা ব্র্যান্ডন হোটেল-এর সঙ্গে ভেন্যু চুক্তি স্বাক্ষর করেছে।

আগামী ১২ ও ১৩ ডিসেম্বর ২০২৬ শেরাটন টাম্পা ব্র্যান্ডন হোটেলে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজন অনুষ্ঠিত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ার্ল্ড ফেস্ট টিমের পক্ষে উপস্থিত ছিলেন কনভেনার আতিউর রহমান, অর্গানাইজিং চেয়ারম্যান মো. মোশিউর রহমান এবং পরিচালক তাসবিহ হোসাইন। অন্যদিকে, শেরাটন টাম্পা ব্র্যান্ডন হোটেলের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সেলস ম্যানেজার রিম বনদাররাহমানে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট আয়োজনের প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হলো। আন্তর্জাতিক সংস্কৃতি, ব্যবসা, নেতৃত্ব, কমিউনিটি, বিনোদন এবং পারস্পরিক বন্ধুত্বকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

আয়োজকরা আশা করছেন, বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের উপস্থিতিতে এবারের ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট একটি বৈচিত্র্যময় আন্তর্জাতিক মিলনমেলায় পরিণত হবে। এর মাধ্যমে বিভিন্ন সংস্কৃতি ও কমিউনিটির মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও বন্ধুত্বের সুযোগ সৃষ্টি হবে।

আয়োজক কমিটি চুক্তি স্বাক্ষরের এ পর্যায়ে শেরাটন টাম্পা ব্র্যান্ডন হোটেল কর্তৃপক্ষসহ আয়োজন সফল করতে নিরলসভাবে কাজ করে যাওয়া সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।