নিজস্ব প্রতিবেদক
‘জুলাই সনদে স্বাক্ষরকারীরা গণ-অভ্যুত্থান থেকে ছিটকে গেছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শনিবার (১৮ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যে দলগুলো স্বাক্ষর করেনি তাদের ভিন্ন দাবি রয়েছে। তাদের সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা বা দাবিরও কোনো মিল নেই। জাতীয় নাগরিক পার্টি সম্পূর্ণ আলাদা একটি রাজনৈতিক অবস্থান থেকে গতকালকের অনুষ্ঠানে যায়নি।’
জুলাই সনদে স্বাক্ষর না করায় এনসিপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের ঐক্য নষ্ট হলো কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘পুরো কমিশনের আলোচনাজুড়ে কিন্তু এই সংস্কার ইস্যুতে আমাদের সঙ্গে আরো অনেকগুলো দল দৃঢ় অবস্থান জানিয়েছেন এবং আইনি ভিত্তির কথা তারা বারবার বলেছেন।’
তিনি বলেন, ‘গতকালকের (শুক্রবার) স্বাক্ষরের পরেও আইনি ভিত্তির কথা বলেছেন। ফলে আমরা মনে করি যে আমাদের সঙ্গে সংস্কার প্রশ্নে সে ঐক্যটা রয়েছে। যদি আইনি ভিত্তির সম্ভাবনা তৈরি না হয় অবশ্যই সে দলগুলোকে রাজপথে নেমে আসতে হবে এবং ঐক্যবদ্ধভাবে আমাদের এটা আদায় করতে হবে।’
এ সময় তিনি বলেন, ‘জুলাই সনদে স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। যদি এর কোনো আইনি ভিত্তি না হয় তাহলে এর কোনো অর্থ তৈরি হবে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের এক বক্তব্য প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘সালাহউদ্দিন সাহেব গতকালকের (শুক্রবার) ঘটনায় জুলাই যোদ্ধাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে আখ্যা দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।’
নাহিদ ইসলাম বলেন, ‘হয়তো তিনি ভুলবশত এ রকমটা বলেছেন। আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং তিনি আহত যোদ্ধা ও শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাইবেন।’



