টেক্সটাইল খাতে দক্ষ জনবল তৈরি ও শিল্পের বিকাশ ঘটাতে চীনের ঝেজিয়াং অ্যাগ্রিকালচারাল বিজনেস কলেজে কারিগরি প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নাইটার) আট শিক্ষার্থী। এই উপলক্ষে প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের বিদায় জানাতে শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) ঢাকার গুলশানে নিজস্ব কার্যালয়ে এক প্রাক-যাত্রা সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান, এনডিসি। বিসিসিআই সভাপতি মো. খোরশেদ আলমের ব্যক্তিগত উদ্যোগে গৃহীত এই উদ্যোগকে সময়োপযোগী ও দৃষ্টান্তমূলক আখ্যা দিয়ে তিনি সাধুবাদ জানান। বাণিজ্য সচিব বলেন, তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের উন্নয়নে বেসরকারি খাতের নেতাদের এ ধরনের সরাসরি অংশগ্রহণ জাতীয় স্বার্থে বড় অবদান রাখতে পারে।
সচিব তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, শিল্প ও একাডেমিয়ার মধ্যকার দূরত্ব কমিয়ে নীতি নির্ধারণী আলোচনাকে বাস্তবে রূপ দিতে হাতে-কলমে শিক্ষার কোনো বিকল্প নেই। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশের শিল্প খাতকে দ্রুত প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। বিসিসিআইর এই পদক্ষেপ অন্য ব্যবসায়িক নেতাদেরও একই ধরনের উদ্যোগ নিতে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিসিসিআই সভাপতি মো. খোরশেদ আলম তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, বিশ্বের ৪৬টি দেশের শিল্পকারখানা পরিদর্শনের অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন কর্মক্ষেত্রের নিরাপত্তা, জ্বালানি দক্ষতা ও পরিবেশবান্ধব সবুজ উৎপাদন ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক এই প্রশিক্ষণে শিক্ষার্থীরা চীনের আধুনিক শিল্প প্রক্রিয়া কাছ থেকে দেখার ও শেখার সুযোগ পাবেন।
প্রশিক্ষণার্থীদের আহ্বান জানিয়ে চেম্বার সভাপতি বলেন, অর্জিত কারিগরি জ্ঞান ও ব্যবহারিক অভিজ্ঞতা দেশে ফিরে প্রয়োগ করতে হবে। এর মাধ্যমে দেশীয় তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পকে আধুনিক রূপ দেওয়া সম্ভব হবে। অনুষ্ঠানে এই উদ্যোগ সংক্রান্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং যাত্রার আগে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন নাইটারের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বিসিসিআইর নির্বাহী পরিচালক মো. আবু তাহের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। সভায় আরও উপস্থিত ছিলেন নাইটারের পরিচালক মো. আশিকুল আলম রানা, ঝেজিয়াং অ্যাগ্রিকালচারাল বিজনেস কলেজের খণ্ডকালীন শিক্ষক মো. হামিদুল রহমান, বিসিসিআইর মহাসচিব, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, পরিচালকবৃন্দ এবং মিডিয়া প্রতিনিধিরা।



