― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

চট্টগ্রামে বিএনপির শীর্ষ নেতাদের বাসায় হামলা-ভাঙচুর

বরিশাল মেইল ডেস্ক

চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন ও মহানগর বিএনপির বর্তমান কমিটির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসভবনে হামলা, ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দফায় দফায় এসব ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করছেন বিএনপি নেতারা। তবে ঘটনার সময় নেতাদের কেউ বাসায় ছিলেন না বলে জানা গেছে।

এর মধ্যে বর্তমানে কারাগারে রয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

হামলার ঘটনার কথা জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, ‘জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা আমার বাসায় হামলা করেছে। এ সময় অ্যাপার্টমেন্টের নিচে পার্কিংয়ে থাকা ভবনের বিভিন্ন বাসিন্দার ২২টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে তারা।

তিনি আরো বলেন, ‘আমি এ সময় বাসায় ছিলাম না। আমার মাসহ পরিবারের সদস্যরা ছিলেন। আমি ঘটনার সময় পুলিশকে অসংখ্যবার ফোন করলেও কেউ সেখানে যায়নি।’

নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী বলেন, নগরের বাদশা মিয়া সড়কস্থ ডা. শাহাদাতের বাসার পাশাপাশি মেহেদীবাগে আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টোশ্বরী সড়কে মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও পাঁচলাইশে চমেক হাসপাতালের পূর্ব পাশস্থ এরশাদ উল্লাহ বাসায়ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলা ও ব্যাপক ভাঙচুর করেছে।