― Advertisement ―

গুয়ানতানামো বে কারাগার থেকে মুক্তি পেল ১১ ইয়েমেনি

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের কুখ্যাত গুয়ানতানামো বে কারাগার থেকে ১১ জন ইয়েমেনি নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে। প্রায় ২০ বছর ধরে বিচার ছাড়াই আটক থাকার পর সম্প্রতি তাদের ওমান পাঠানো হয়েছে।

পেন্টাগন এক বিবৃতিতে জানায়, বাইডেন প্রশাসনের উদ্যোগে এসব বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। প্রশাসনের লক্ষ্য ছিল বিচার ছাড়াই আটক থাকা সব বন্দিকে মুক্তি দিয়ে গুয়ানতানামো বে কারাগার বন্ধ করা। ক্ষমতা ছাড়ার ঠিক এক সপ্তাহ আগে এই উদ্যোগ সম্পন্ন করল বাইডেন সরকার।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে শাকাউই আল হাজ অন্যতম। দীর্ঘ ২১ বছর কারাগারে আটক থাকা অবস্থায় তিনি একাধিকবার অনশন করেন এবং তার ওপর নির্যাতনের অভিযোগ তোলেন। তিনি জানান, বন্দি থাকার সময় দুই বছর ধরে নির্যাতন সহ্য করতে হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র এক বন্দিকে তিউনিসিয়া পাঠানোর ঘোষণা দেয়। এবার ১১ জন ইয়েমেনিকে মুক্তি দেওয়ার খবর এলো।

গুয়ানতানামো বে কারাগারটি ২০০১ সালের ৯/১১ হামলার পর তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশের সিদ্ধান্তে তৈরি হয়। সেখানে যুদ্ধাপরাধীদের আটক রাখা শুরু হয়। একসময় প্রায় ৭০০ জন বন্দি থাকলেও বর্তমানে সংখ্যা অনেক কমে এসেছে।

মানবাধিকার সংস্থাগুলো বরাবরই এই কারাগারে বন্দিদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ তুলে এসেছে। মুক্তিপ্রাপ্তরাও একই ধরনের অভিযোগ করেছেন।

২০০৯ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কারাগারটি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরে বাইডেন প্রশাসনও সেই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেও পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি।

বর্তমানে কারাগারে থাকা বন্দিদের মধ্যে মাত্র সাতজনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। ৯/১১ হামলার সঙ্গে তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। অন্যদিকে দুইজন দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত হলেও বাকিদের বিচার এখনো হয়নি।

মার্কিন প্রশাসনের দাবি, বন্দিদের স্থানান্তরের বিষয়ে আন্তর্জাতিক রাজনীতির জটিলতা এবং বিভিন্ন দেশের অনাগ্রহের কারণেই প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। সূত্র: ডয়চে ভেলে, আল-জাজিরা

বিএম/সজীব