পিরোজপুরের নাজিরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনী ও যৌথ বাহিনীর ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। গত কয়েক দিনের ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করার পাশাপাশি সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে একাধিক মামলা ও জরিমানা আদায় করা হয়েছে। সেনাবাহিনীর কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানগুলো সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি করেছে।
মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে ২২ ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের সদস্যরা। গত মঙ্গলবার গভীর রাতে মালিখালী ইউনিয়নের মধ্য ঝনঝনিয়া এলাকায় ক্যাপ্টেন নওফেল আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে একটি ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে রাবেয়া আক্তার (২৬) নামের এক নারীকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে ৪৭ পিস ইয়াবা, ৯২২ গ্রাম গাঁজা এবং মাদক মাপার পাল্লা উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধারকৃত আলামতসহ নাজিরপুর থানায় হস্তান্তর করা হয়।
অন্যদিকে, সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার সকালে চৌঠাইমহল বাজার বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে সেনাবাহিনী। ওয়ারেন্ট অফিসার মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে হেলমেট না পরা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি মামলায় মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ট্রাফিক আইন অমান্যকারী একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
এর আগে গত রবিবারও উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সমন্বয়ে সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী জানান, সড়কে শৃঙ্খলা ও ট্রাফিক আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যৌথ বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, অপরাধী যেই হোক না কেন, জননিরাপত্তা রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।



