― Advertisement ―

ইসরায়েলি হামলায় গাজায় ৯২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের হামলায় ইসরায়েল যখন ক্ষতবিক্ষত, তখনও অভুক্ত ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের বর্বরতা থেমে নেই। গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) ইসরায়েলের নৃশংস হামলায় গাজা উপত্যকাজুড়ে অন্তত ৯২ জন নিহত হয়েছেন। গতকাল ভোর থেকে গভীর রাত পর্যন্ত এসব হামলা চালানো হয়।

গতকাল গাজার আল শাতি শরণার্থীশিবিরে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য অস্থায়ী তাঁবুতে জড়ো হয়েছিলেন কিছু ফিলিস্তিনি। এ সময় তাদের ওপর ইসরায়েলি ড্রোন হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়াও জাবালিয়ায় কয়েকটি বাড়িতে একযোগে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল।

গতকাল ভোর থেকে যাঁরা নিহত হয়েছেন, তাঁদের মধ্যে ৬৪ জন গাজা সিটি ও উত্তরাঞ্চলের বাসিন্দা। আর অন্য ১৬ জন নেতজারিম করিডরের কাছে ত্রাণের জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে নিহত হন। এসব ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

ত্রাণ বিতরণস্থলে ইসরায়েলি হামলার প্রত্যক্ষদর্শী বাসাম আবু শার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘খাবার পাওয়ার আশায় মানুষ রাতে সেখানে জড়ো হয়েছিল। রাত একটার দিকে তারা (ইসরায়েলি সেনাবাহিনী) আমাদের ওপর গুলি ছোড়া শুরু করে। তখন ট্যাংক, বিমান ও ড্রোন থেকেও বোমাবর্ষণ করা হয়।’

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৫৫ হাজার ৭০৬ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৩০ হাজার ১০১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র: আল জাজিরা