ইন্দোনেশিয়ার ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আজ সোমবার (২২ ডিসেম্বর) ভোরে রাজধানী জাকার্তায় এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকর্মীরা জানান, জাকার্তা থেকে যোগ্যাকার্তা যাচ্ছিল বাসটি। এ সময় মহাসড়কের একটি ইন্টারচেঞ্জে বাঁক নিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাধায় ধাক্কা খেয়ে উল্টে যায়।
স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো বলেন, দুর্ঘটনার সময় বাসটি “তুলনামূলকভাবে বেশি গতিতে” চলছিল। ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।
আহত ও অন্যান্য যাত্রীসহ মোট ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সেমারাং শহরে পাঠানো হয়েছে, বলছেন বদিওনো।

উদ্ধার সংস্থার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা মরদেহ ব্যাগে তুলছেন এবং রাস্তার পাশে উল্টে থাকা বাসটি পড়ে আছে।
বিশাল দ্বীপদেশ ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। পুরোনো ও যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করা যানবাহন এবং সড়ক আইন অমান্য করার প্রবণতাকে এর অন্যতম কারণ হিসেবে ধরা হয়।
এর আগে ২০২৪ সালে ঈদুল ফিতর উপলক্ষে যাতায়াতের সময় এক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হন। আর ২০১৯ সালে সুমাত্রা দ্বীপে একটি বাস খাদে পড়ে প্রাণ যায় অন্তত ৩৫ জনের।



