নিজস্ব প্রতিবেদক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি ৪৭ বছর দেশের জন্য যা কিছু ভালো, সবই দিয়েছে। আমরা সেই দল, যারা উড়ে এসে জুড়ে বসিনি।’
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। বিএনপি হচ্ছে সেই দল, যারা ফিনিক্স পাখির মতো। যাকে বারবার মারার চেষ্টা করা হয়েছে। কিন্তু কেউ তা পারেনি।’
বিএনপি মহাসচিব আরো বলেন, ‘আমরা লড়াই-সংগ্রাম করে বাংলাদেশে এসেছি। আমাদের নেতা জিয়াউর রহমান দেশকে স্বাধীন করেছেন। আমাদের নেতা গণতন্ত্র দিয়েছেন। ১৯৭১ সাল আমাদের গর্ব।’
১৩টি উপজেলা ও ৮টি পৌরসভা মিলিয়ে জেলা বিএনপির মোট ২১টি ইউনিটের ২ হাজার ১০৭ জন কাউন্সিলর সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নেতৃত্ব নির্বাচনে ভোট দেবেন। যা আজ রাত ৮টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত প্রমুখ। সভায় সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।



