― Advertisement ―

৫ প্রতিবেশীকে নিরাপত্তার জন্য হুমকি মনে করে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তান, চীন, বাংলাদেশ, মিয়ানমার ও ভু্টানকে নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে ভারত। পাশাপাশি নেপালের সাম্প্রতিক সময়ের অস্থিরতাকেও বিবেচনায় নিয়েছে ভারত। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় চলমান ‘কম্বাইন্ড কমান্ডারস কনফারেন্সে’ এ তথ্য উঠে এসেছে।

গত সোমবার (১৫ সেপ্টেম্বর) কলকাতায় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩ দিনব্যাপী দ্বিবার্ষিক এই সম্মেলনের উদ্বোধন করেন। এটি সর্বোচ্চ পর্যায়ের একটি ফোরাম, যেখানে দেশের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব একসঙ্গে বসে প্রতিরক্ষা প্রস্তুতির রূপরেখা তৈরি করে।

তারা বলছে, বাংলাদেশের তথাকথিত ‘উগ্রপন্থী তৎপরতার উত্থান’, পাকিস্তানের ‘জঙ্গি অর্থায়ন’, চীনের সঙ্গে ‘সীমান্ত অচলাবস্থা’ এবং নেপালের ‘রাজনৈতিক অস্থিরতাকে’ ভারতের প্রতিবেশে বড় সংকট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দেশটির সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে বলেন, ভারতের প্রতিবেশে বিশেষ করে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি দেশটির জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে।

তিনি আরও বলেন, ‘এসব ইস্যু ছাড়াও প্রতিবেশী দেশগুলোতে ভারতবিরোধী মনোভাব—যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে—সেগুলোও সর্বোচ্চ পর্যায়ের এই ফোরামে গভীরভাবে আলোচনা হচ্ছে।’

চীন ইন্দো-প্যাসিফিক অঞ্চল ও দক্ষিণ চীন সাগরে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। লাদাখ, অরুণাচল ও সিকিম সীমান্তে চীনা সেনাদের সঙ্গে চলমান অচলাবস্থা ভারতের জন্য পরোক্ষ হুমকি তৈরি করছে বলেও তিনি উল্লেখ করেন।

এ ছাড়াও ওই কর্মকর্তা বলেন, ‘সম্মেলনের মূল লক্ষ্য ভারতের সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং দুই দিক থেকে (পাকিস্তান ও চীন) সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া। পাশাপাশি নেপাল, বাংলাদেশ ও চীন সীমান্তসংক্রান্ত চ্যালেঞ্জ নিয়েও আলোচনা চলছে।’